বিশালগড় থানার পুলিশের কর্মকান্ড এখন মানুষের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে, বাড়ছে ক্ষোভ
বিশালগড় প্রতিনিধির রিপোর্ট , 30/07.2023:
অর্থের জোর না থাকায় দায়ের কোপ খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করা ব্যক্তির মামলা নিচ্ছে না বিশালগড়ের পুলিশ। সন্ত্রাস চুরি এবং রাহাজানি ক্রমাগত বৃদ্ধিতে এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে ইতিমধ্যেই বদলি করা হয়েছে বিশালগড় থানার ওসি বাদল সাহাকে। নতুন ওসি যোগদান করলেও মানুষ সুবিচার থেকে বঞ্চিত। টাকা পয়সা না থাকলে গরিবের বিচার নেই বিশালগড় থানায়।
জানা যায় বিশালগড় থানার অন্তর্গত কদমতলী এলাকার 5 নং ওয়ার্ডের হতদরিদ্র দিনমজুর জাকির হোসেনের স্ত্রীকে তার দেবর লিটন মিয়া ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে। কারণ হল লিটন মিয়ার কথামতো তাদের পিতৃ সম্পত্তি ভাগ করতে হবে।বিপত্তি বাঁধে শুক্রবার সন্ধ্যায়। ঐদিন অভিযুক্ত লিটন মিয়া ধারালো অস্ত্র নিয়ে জাকির হোসেনকে মারার জন্য তার বাড়িতে গেলে জাকির হোসেনের স্ত্রী পারভিন আক্তার স্বামীকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ালে লিটন মিয়া ধারালো অস্ত্র দিয়ে পারভিন আক্তারের মাথায় আঘাত করে। রক্তাক্ত পারভিন আক্তার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে পারভিন আক্তারকে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে, উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর জাকির হোসেন অভিযুক্ত লিটন মিয়ার বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত আকারে মামলা দায়ের করে।
বর্তমানে পারভিন আক্তার জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন মিয়া অর্থের বাহাদুরি দেখাতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এত বড় একটি ঘটনা ঘটার পরেও এবং থানায় মামলা দায়ের করার পরেও বিশালগড় থানার পুলিশ মামলা হাতে নেয়নি এবং অভিযুক্তের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। গত দুইদিন সহ রবিবার পর্যন্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে জাকির হোসেন বিশালগড় থানার চক্কর কাটছেন, কিন্তু বিশালগড় থানার পুলিশ বাবুরা জাকির হোসেনকে মামলা নথিভূক্ত করার কোন প্রতিলিপি দেয়নি এবং সুবিচার পাওয়ার আশ্বাসও দেয়নি। পরে হতাশ হয়ে জাকির হোসেন বিশালগড় থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন মামলা করার দুইদিন অতিক্রান্ত হওয়ার পরেও বিশালগড় থানার পুলিশ কেন মামলা হাতে নেয়নি এবং অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি? তাই জাকির হোসেন ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাজ্য প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন